সাবেক সাংসদ মমতাজ হত্যা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আদালত সূত্রে জানা যায়, রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরীর আদালত গত ২৬ ফেব্রুয়ারি মামলার সওয়াল-জওয়াব শেষে রায় প্রদানের দিন ধার্য করেন। কিন্তু লাগাতার হরতালের কারণে রায়ের দিন পিছিয়ে ৭ ফেব্রুয়ারি করা হয়। মামলায় ৩৫ জন সাক্ষীর মধ্যে বাদী নিহত মমতাজউদ্দিনের ছোট ভাই আবুল কালাম আজাদসহ ২৮ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারী কৌঁসুলি এনতাজুল হক। বিচারকালে ১৩ জন আসামির মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন। বাবু নামের দুজন ও আলম—এই তিন আসামি পলাতক রয়েছেন। আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আশরাফুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। মমতাজউদ্দিনের স্ত্রী, ছেলে আলাদতে সাক্ষ্য দিতে আসেননি। ২০০৩ সালের ৬ জুন রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মমতাজউদ্দিন খুন হন। এ ঘটনায় ৭ জুন লালপুর থানায় মামলা করা হয়। মামলাটি চাঞ্চল্যকর হিসেবে অন্তর্ভুক্ত হয়। ২০০৪ সালে হাইকোর্ট মামলাটি স্থগিত করেন। আট বছর পর গত বছরের ৪ নভেম্বর আবার এর বিচারকাজ শুরু হয়।