সাবেক সাংসদ মমিনের বিরুদ্ধে তদন্ত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের বাসিন্দা বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুল মমিন তালুকদার ওরফে খোকা তালুকদারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলার চতুর্থবারের মতো তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল। এই দলের সদস্য প্রসিকিউটর (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) সুলতান মাহমুদ সীমন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জেড এম আলতাফুর রহমান গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তদন্তকাজ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দলটি মঙ্গলবার উপজেলা সদরের সুদিন, খাড়িরব্রিজ শ্মশানঘাটি ও সান্তাহার শহরের রথবাড়ী (জমিদার সুরেন্দ্রনাথের বাড়ি) বধ্যভূমি পরিদর্শন করে। আদমদীঘি জেলা পরিষদ ডাকবাংলোয় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সাংসদ আবদুল মমিন তালুকদারের ১৯৭১ সালে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে ওই দিন (বুধবার) একই স্থানে মমিন তালুকদার, তাঁর দুই ভাই আবদুল মতিন তালুকদার ও আবদুল মান্নান তালুকদার এবং বাবা মরহুম আবদুল মজিদ তালুকদারের বিরুদ্ধে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে করা মামলার (১৯৭২ সালে মামলা করা হয়) কয়েকজন সাক্ষীর ও উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীর সাক্ষ্য নেওয়া হয়।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর সান্তাহারের কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী বাদী হয়ে মমিন তালুকদারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ২০১১ সালে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি আবেদন করেন। আদালত তাঁর আবেদনটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করতে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওসি আবেদনটি এজাহার হিসেবে থানায় রেকর্ড করে তা অধিকতর তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্য জেড এম আলতাফুর রহমান এ বিষয়ে পূর্বে তিন দফা তদন্ত করেন। পরে ট্রাইব্যুনাল তদন্ত দলের সমন্বয়ক সানাউল হক মামলাটির তদন্ত তদারকি করেন।
তদন্তের কথা স্বীকার করে মুক্তিযোদ্ধা সংসদ আদমদীঘি উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার আবির উদ্দিন খান বলেন, তদন্তে মমিন তালুকদারের বিরুদ্ধে বিরুদ্ধে আশানুরূপ তথ্য পাওয়া গেছে।