সাবেক সাংসদ মিল্লাতকে খালাসের রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে দেওয়া হাইকোর্টের খালাসের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁর করা আপিল নতুন করে শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ছিলেন আইনজীবী বদরুদ্দোজা বাদল।
২০০৭ সালের ৩ জুন মিল্লাত, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলাটি করে দুদক। ২০০৮ সালের ২৯ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় মিল্লাতকে আট বছরের কারাদণ্ডাদেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিলের শুনানি শেষে ২০১০ সালের ১৭ আগস্ট হাইকোর্ট তাঁকে খালাস দেন। ২০১২ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। গতকাল এর নিষ্পত্তি হলো।