সাবেক সাংসদ মোশারফ হোসেনের ইন্তেকাল
মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ মোশারফ হোসেন (৭৯) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
মোশারফ হোসেন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, ১৯৭০ ও ১৯৭৩ সালের সাংসদ এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম আশরাফুন্নেছা মোশারফের স্বামী। দেশের প্রতি কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ২০১৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও এর দোসরদের হাত থেকে মিরপুরকে মুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান মিরপুরবাসী তথা জাতি চিরদিন স্মরণ করবে।
মোশারফ হোসেনের জানাজায় জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদ সদস্য, সংসদের কর্মকর্তা-কর্মচারী ও গুণগ্রাহীরা শরিক হন।