সাবেক সাংসদ মোজামেঞ্চল অবরুদ্ধ, ইট নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাচন ঘিরে স্থানীয় বিএনপির মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। তৃণমূল বিএনপির মতামত উপেক্ষা করে জেলা বিএনপি একতরফাভাবে দলসমর্থিত প্রার্থী ঘোষণা করায় ওই সংকট সৃষ্টি হয়েছে।
ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজামেঞ্চল হকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তাঁকে পাঁচ ঘণ্টা বাড়িতে তালাবদ্ধ করে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ উপজেলায় বিএনপি থেকে দলসমর্থিত আবদুল আজিজ ও বিদ্রোহী প্রার্থী হিসেবে আয়নাল হক তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১১ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সহসভাপতি ও দলের বিদ্রোহী প্রার্থী আয়নাল হক তালুকদারকে সমর্থন করায় উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক দলসমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী আযমকে বহিষ্কার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল করিমকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার স্থানীয় বিএনপির নেতাদের বহিষ্কারের প্রতিবাদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেয়ারম্যান পদে দলসমর্থিত প্রার্থী দেওয়ার দাবিতে তৃণমূলের নেতা-কর্মীরা সাবেক সাংসদ মোজামেঞ্চল হকের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। বেলা ১১ থেকে বিকেল চারটা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর পুলিশ সাংসদকে মুক্ত করে।
অবরুদ্ধ রাখার একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে সাবেক সাংসদের বাড়ির জানালার কাচ ভাঙচুর করেন। মোজামেঞ্চল হক বলেন, ‘আমিও দলসমর্থিত প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেতাদের মতোই ভোট চেয়েছিলাম। জেলা নেতারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী ঘোষণা করায় এই অবস্থা।’
গুরুদাসপুর থানার ওসি ফরিদুল ইসলাম খান বলেন, দলটির অভ্যন্তরীণ কোন্দলেই ঘটনাটি ঘটেছে। তবে সাবেক সাংসদ কোনো অভিযোগ দেননি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গুরুদাসপুরে বিএনপির কমিটি না থাকায় জেলা বিএনপির সভাপতির নির্দেশে আজিজকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে দল। এর বিরোধিতা করায় কিছু নেতাকে বহিষ্কার এবং কিছু নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
উপজেলা নির্বাচন ঘিরে গুরুদাসপুরে বিএনপির একক প্রার্থী ঠিক করতে গত ৩১ জানুয়ারি দলের বর্ধিত সভা থেকেই দলেয় কেন্দল চরম আকার ধারণ করে।