সাবেক সাংসদ মোশাররফ মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য অত্মীয়স্বজন রেখে গেছেন। খবর বাসসের।

পারিবারিক সূত্র জানায়, মোশাররফ হোসেন আজ বুধবার বেলা একটার দিকে রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

মোশাররফ হোসেন মুক্তিযোদ্ধা এবং মুজিবনগর সরকারের স্বাস্থ্য পরিচালক ছিলেন। দেশের জন্য কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে ২০১৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

মোশারফ হোসেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফের স্বামী।

এদিকে মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাঁর অনন্য ভূমিকা জাতি চিরকাল স্মরণ করবে।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সাহসী মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক সাহসী সন্তানকে হারাল।