সাবেক সাংসদ রনির দুই শ্যালক জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির শ্যালক গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকবুল খান ও চাচাতো শ্যালক মো. মাহাজিব খানকে গতকাল সোমবার জেলহাজতে পাঠিয়েছেন আদালত। চাঁদাবাজি ও লুটতরাজের অভিযোগে করা একটি মামলায় গত রোববার তাদের গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গলাচিপার উলানিয়া বন্দরের ভুসা মালের আড়তদার লক্ষ্মণ দেবনাথের করা মামলায় রোববার দুপুরে মকবুল ও মাহাজিবকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল সকালে তাদের গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. শিহাবুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদীর ভাষ্য ও এজাহার সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ডাকুয়া ইউপির চেয়ারম্যান মকবুল খান, তার চাচাতো ভাই মাহাজিব খান, একই ইউনিয়নের বাসিন্দা নাসির হাওলাদার, উলানিয়া বন্দরের বাসিন্দা অরুণ চন্দ্র সাহা, পরিমল দেবনাথ ও লিটন দেবনাথসহ ১১ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উলানিয়া বন্দরে লক্ষ্মণ দেবনাথের ভুসা মালের আড়তে গিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। লক্ষ্মণ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মকবুল খান আড়তের ক্যাশবাক্স থেকে নগদ ৮৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মাহাজিব খান লক্ষ্মণের পকেট থেকে কেড়ে নেন সাড়ে ১৫ হাজার টাকা। এ ছাড়া অন্য আসামিরা তাঁর কাছ থেকে স্বর্ণের চেন ও মুঠোফোনসহ মোট প্রায় এক লাখ ৬৯ হাজার টাকার মালামাল লুট করে। এ সময় তারা আড়তঘরের দরজা, জানালা ও আসবাবপত্রও ভাঙচুর করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, মকবুল খান ও মাহাজিব খানের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটতরাজ ও সমাবেশে হামলার অভিযোগে থানায় আরও তিনটি মামলা রয়েছে। তবে ওই মামলাগুলোতে তারা আদালত থেকে জামিনে রয়েছে।