সাবেক সাংসদ রনির বাড়ি উচ্ছেদ প্রক্রিয়া শুরু
ক্ষমতাসীন আওয়ামী লীগের বিতর্কিত সাবেক সাংসদ (পটুয়াখালী-৩) গোলাম মাওলা রনির অবৈধ বাড়ি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে গলাচিপা উপজেলা ভূমি প্রশাসন। দোতলা এই বাড়িটি উপজেলার উলানিয়া বন্দর এলাকায় অবস্থিত।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে জমির বন্দোবস্ত বাতিলসহ তাঁদের বিরুদ্ধে উচ্ছেদের মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। কী পরিমাণ খাসজমি তাঁদের দখলে আছে, এখন তা যাচাই কর দেখছি। যাচাই শেষে উচ্ছেদ মামলা করে জমির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।’
উপজেলা ভূমি প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উলানিয়া বন্দরে চান্দিভিটি (অস্থায়ী দোকান) তৈরির জন্য ২০০৭ সালে গোলাম মাওলা, তাঁর স্ত্রী কামরুন নাহার, বাবা সামসুদ্দিন মুন্সি ও মা মনোয়ারা বেগমের নামে ২ শতাংশ সরকারি খাসজমি একসনা বন্দোবস্ত (ডিসিআর) নেওয়া হয়। পরে বন্দোবস্তের শর্ত ভেঙে সেখানে দোতলা দালান নির্মাণ করেন গোলাম মাওলা।
এ ঘটনায় উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম গত বছরের ৩১ জুলাই ওই ব্যক্তিদের বিরুদ্ধে নোটিশ জারি করেন। শর্ত ভঙ্গ করায় তাঁদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে সে বিষয়ে ১৫ দিনের মধ্যে জানতে চাওয়া হয়। ইউএনও জানান, কামরুন নাহার, মনোয়ারা বেগম ও সামসুদ্দিন মুন্সির পক্ষ থেকে ওই বছরই বিলম্বে নোটিশের জবাব দেওয়া হলেও তা সন্তোষজনক ছিল না। আর রনি জবাবই দেননি।
চান্দিভিটির জন্য অকৃষি খাসজমি একসনা বন্দোবস্ত নেওয়ার অন্যতম শর্ত হলো, সংশ্লিষ্ট জমিতে কোনো পাকা স্থাপনা নির্মাণ করা যাবে না।