সাবেক সাংসদ শহিদুলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে করা মামলায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত বৃহস্পতিবার পটুয়াখালীর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।দুদক সূত্রে জানা যায়, দুদক পটুয়াখালী কার্যালয় ২০০৯ সালের ১৩ জানুয়ারি শহিদুল আলম তালুকদারের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে তিনি ২১ জানুয়ারি তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। এতে তাঁর নিজের, স্ত্রী সালমা আলম লিলি ও একমাত্র ছেলে আকাশ রাইয়ানের নামে অর্জিত এক কোটি ৬২ লাখ ৬৮ হাজার ২৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদসহ দায়-দেনার বিবরণ দাখিল করা হয়। কিন্তু দুদক তদন্তে ২৩ লাখ ৩৫ হাজার ৬১৫ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে নিশ্চিত হয়।পটুয়াখালী দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক লুৎফর রহমান জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন করে শহিদুল আলম তাঁর ছেলে রাইয়ানের ব্যাংক হিসেবে রেখে দেন। ওই তথ্য যাচাই-বাছাই করে গত ২৫ এপ্রিল পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়। ছয় মাস তদন্তের পর গত বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করা হয়।