সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ৩২ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ সংগঠনের ৩২ কর্মী-সমর্থকের ৩৬ ঘণ্টা করে রিমান্ড মঞ্জুর হয়েছে। মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, পাঁচলাইশ থানার পুলিশ শাহজাহান চৌধুরীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩৩ জনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। কিন্তু রবিউল হোসেন নামের এক আসামি অসুস্থ ছিলেন। আদালত আগামী রোববার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ওই আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং অন্য ৩২ আসামির ৩৬ ঘণ্টা করে রিমান্ড মঞ্জুর করেন।গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় জামায়াত-ছাত্রশিবিরের আকস্মিক হামলায় পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ওই দিন কয়েকটি গাড়িও ভাঙচুর হয়। এ ঘটনায় জামায়াতের সাংসদ ও নগর আমির শামসুল ইসলাম, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১১৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথম দিন ২৩ জনকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্র জানায়, ১৯ সেপ্টেম্বরের হামলা পূর্বপরিকল্পিত এবং জড়ো হওয়া নেতা-কর্মীদের মধ্যে দাগি সন্ত্রাসীও ছিল। জামায়াতের স্থানীয় পর্যায়ের নির্দেশে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।১৩ অক্টোবর ঢাকায় হাইকোর্টের সামনে থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে তিন মুক্তিযোদ্ধাসহ সাতটি খুনের ঘটনায় করা ছয়টি হত্যা মামলাসহ ৩১টি মামলা ছিল। বিগত জোট সরকারের আমলে বেশির ভাগ মামলা প্রত্যাহার করা হয়।