সাবেক সাংসদকে নিয়ে ফেসবুকে কটূক্তি, গ্রেপ্তার
মৌলভীবাজারের সাবেক সাংসদ এবাদুর রহমান চৌধুরীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে করা মামলায় গতকাল শুক্রবার রাতে বিএনপির স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবদুল কুদ্দুস স্বপন (৪২)। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৬ আগস্ট কুদ্দুস তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এবাদুর রহমানকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেন। তাঁকে (এবাদুর) বিএনপির কেন্দ্রীয় কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা করলে চরম ভুল হবে বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে এবাদুর বাদী হয়ে গতকাল সন্ধ্যার দিকে কুদ্দুসকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে সুজাউল গ্রাম থেকে কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ শনিবার সকালে মোবাইলে প্রথম আলোকে বলেন, কুদ্দুসকে মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।