সাবেক সাংসদসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক মানব ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীনসহ চার ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কুলাউড়া পৌরসভার মেয়র ও বিএনপির একাংশের উপজেলা কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমদের করা মানহানির মামলায় আদালত এ পরোয়ানা জারি করেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি মানব ঠিকানায় বিএনপির একাংশের কমিটির সভাপতি শওকতুল ইসলামের বক্তব্যের বরাত দিয়ে কামাল উদ্দিন আহমদকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে কামাল উদ্দিন আহমদ ১৪ ফেব্রুয়ারি শওকতুল ইসলাম, এম এম শাহীন, মানব ঠিকানার সম্পাদক ও প্রকাশক জাবেদ খসরু এবং ব্যবস্থাপনা সম্পাদক আবুল হাসনাতকে আসামি করে মৌলভীবাজারের বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ কুলাউড়া থানায় পৌঁছায়।