নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র মোরছালীনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নিহত মোরছালীনের বাবা কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের হীরাঝিল এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর থেকে পুলিশ গত সোমবার রাতে স্কুলছাত্র মোরছালীনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় গিয়াস উদ্দিন ও তাঁর তিন ছেলেসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গিয়াস উদ্দিনের পরিকল্পনা ও নির্দেশে অপর আসামিরা গত রোববার মোরছালীনকে হত্যা করে লাশ গিয়াস উদ্দিনের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে ফেলে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারের সময় লাশের ডান চোখে জখম ও নাক দিয়ে রক্ত ঝরছিল। তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মোরছালীন (১৬) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার এরিবস এন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। রোববার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।