সাবেক সাংসদসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা আবদুল মজিদ হত্যা মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সাংসদ আনিসুর রহমান মানিকসহ ১৭ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাফিজ আল আসাদ এ আদেশ দেন।

আনিসুর রহমান ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাংসদ ছিলেন। তাঁর বাড়ি ত্রিশাল উপজেলার কানিহারি এলাকায়।

আদালত সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর ত্রিশালের কানিহারি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন আনিসুর রহমান ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় চলতি বছরের ৮ মার্চ ময়মনসিংহের আদালতে হত্যা মামলা করেন নিহত মুক্তিযোদ্ধা আবদুল মজিদের ছেলে লোকমান হাকিম। মামলায় আনিসুর রহমানসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে ত্রিশাল থানার পুলিশ মামলাটি তদন্ত করে। তদন্ত শেষে ৫ সেপ্টেম্বর আদালতে আনিসুর রহমানসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।