সাবেক সাংসদসহ ৬ জনের মামলার রায় যেকোনো দিন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সাংসদ জামায়াতের নেতা পলাতক আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও সৈয়দ সায়েদুল হক। সঙ্গে ছিলেন প্রসিকিউটর শেখ মোসফেক কবির। পলাতক আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম ও খন্দকার রেজাউল।
মোসফেক কবির প্রথম আলোকে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের তিনটি অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। কারাগারে থাকা একমাত্র আসামি আবদুল লতিফকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।
পলাতক অপর চারজন হলেন রুহুল আমিন ওরফে মঞ্জু, আবু মুসলিম মোহাম্মদ আলী, নাজমুল হুদা ও আবদুর রহিম মিঞা।