
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার অন্তত আটটি স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কুমিল্লার লাকসামে হামলার শিকার হন বিএনপির নেতা ও সাবেক সাংসদ আনোয়ারুল আজিম। জামালপুরে বিএনপির মেয়র প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যশোর ও সিরাজগঞ্জে সংঘর্ষ হয়েছে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে।
আচরণবিধি লঙ্ঘন করে সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আয়ুব বখত জগলুলের পক্ষে নেতা-কর্মীদের নিয়ে মিছিল করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
লাকসাম: কুমিল্লার লাকসাম পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তারের পক্ষে প্রচারণায় যাওয়ার সময় সাবেক সাংসদ আনোয়ারুল আজিমের গাড়ি ভাঙচুর এবং লাকসাম পৌরসভার মেয়র মজিবর আহমেদকে লাঞ্ছিত করা হয়। গতকাল সকাল ১০টায় পৌরসভার গাজীমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়েরের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
তবে আবুল খায়েরের দাবি, সাংসদের গাড়ির ধাক্কায় স্থানীয় এক যুবক আহত হলে উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে।
জামালপুর: শহরের কাচারীপাড়া ও বাগেরহাটা এলাকায় বর্তমান মেয়র ও বিএনপির মেয়র প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলীর দুটি নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলমের কর্মী-সমর্থকেরা গতকাল সন্ধ্যায় এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। তবে আওয়ামী লীগ প্রার্থী বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।
যশোর: যশোর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম ও তাঁর সমর্থকদের ওপর দুর্বৃত্তদের হামলায় বিএনপি ও যুবদলের চারজন আহত হয়েছেন। বিএনপির স্থানীয় নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদারের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন। তবে আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে। একই জেলার কেশবপুরে গত বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের হামলায় ছুরিকাহত হয়েছেন আরেক কাউন্সিলর প্রার্থী সফি কামাল।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে জনসংযোগের সময় বিএনপি থেকে সদ্য পদত্যাগকারী স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুস সালামের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হাজী নিজাম উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। একই জেলার উল্লাপাড়া বিএনপির মেয়র প্রার্থী বেলাল হোসেন অভিযোগ করেছেন, বিকেলে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে সেখানে দুই ঘণ্টা অবরুদ্ধ রাখেন।
কুয়াকাটা ও পীরগঞ্জ: পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লা ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির মেয়র প্রার্থী রাজিউর রহমানের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী কশিরুল আলমের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে মামলা: বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এতে শাহাদাতের পরিবারের সদস্যসহ ৪৪ জন এবং অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুল আহসানের সমর্থক এ বি এম জসিম মামলাটি করেন।
নরসিংদীতে গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. কামরুজ্জামানের সঙ্গে দলের লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কাইয়ুমের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এস এম কাইয়ুমকে আসামি করে মামলা হয়েছে।
জামালপুর শহরের গেইটপাড় এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর এবং প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলীসহ ১০৬ জন কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেপ্তার ও কারাদণ্ড: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় বিএনপির প্রার্থী জামাল উদ্দিনের বড় ভাই জুলহাস উদ্দিনসহ বিএনপির তিন নেতা এবং জামালপুরের সরিষাবাড়ীতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার পুলিশ বলেছে, তাঁদের বিরুদ্ধে আগের মামলা আছে।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সাইফুর রহমানের ছোট ভাই তৈয়বুর রহমানকে গোলযোগ ও লোকজনকে উত্তেজিত করার দায়ে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।