ময়মনসিংহের নান্দাইলের চকমতি নতুন বাজারে আওয়ামী লীগের দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন গতকাল শনিবার ১৪৪ ধারা জারি করে। একই দিন আওয়ামী লীগের বর্তমান সাংসদের সমর্থকেরা প্রতিপক্ষের সাবেক সাংসদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ওই পক্ষ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুশুলি ইউনিয়নের চকমতি নতুন বাজারের দক্ষিণ প্রান্তে ইউনিয়ন আওয়ামী লীগ গতকাল কর্মী সমাবেশের আয়োজন করে। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা বাজারের উত্তর প্রান্তে পাল্টা সমাবেশের আয়োজন করেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান সেখানে গিয়ে উভয় পক্ষকে চলে যেতে বলেন।
নাম প্রকাশ না করার শর্তে বাজারের চারজন ব্যবসায়ী বলেন, উপজেলা আওয়ামী লীগের সমাবেশটি আগে ডাকা হলেও সকালে বাজারের উত্তর প্রান্তে আরেকটি পক্ষ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিতে থাকে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা ২টা ৫০ মিনিটে এক দল যুবক মোটরসাইকেলে উত্তর প্রান্তের সমাবেশস্থলে আসেন। তাঁরা সমাবেশস্থলে পৌঁছামাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই যুবকেরা দক্ষিণ প্রান্তের সমাবেশে যোগ দিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবদুস সালামের গাড়িবহরে হামলা চালান। এতে সাংসদের গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ সালাম অভিযোগ করেন, ‘পুলিশ প্রতিরোধ করেনি বলেই দল ক্ষমতায় থাকা সত্ত্বেও আওয়ামী লীগেরই সাবেক একজন সাংসদের গাড়িতে উচ্ছৃঙ্খল যুবকেরা হামলা চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে।’
এ প্রসঙ্গে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুলিশ চকমতি বাজারে দায়িত্ব পালন করছিল। আর হামলার ঘটনাটি ঘটেছে প্রায় দেড় কিলোমিটার দূরে।
এদিকে হামলার খবর পেয়ে নান্দাইল শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী দা-লাঠি হাতে নিয়ে হামলার ঘটনার জন্য সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে দায়ী করে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
মুঠোফোনে সাংসদ আনোয়ারুল আবেদিন খান গতকাল সন্ধ্যায় বলেন, ২০ জানুয়ারি ইউএনওর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে গতকাল শনিবার তাঁর সমর্থকেরা সমাবেশ আয়োজন করেছেন। অন্যদের কে অনুমতি দিয়েছে, তা তিনি জানেন না। সাবেক সাংসদের গাড়িবহরে হামলার ঘটনায় তাঁর কোনো নেতা-কর্মী জড়িত নন।