সাবেক সাংসদের গাড়িতে পতাকা, পুলিশ প্রটোকল
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সদ্য সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালাম গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে এলাকায় এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে পুলিশের প্রটোকল দিতেও দেখা গেছে। এ নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, প্রটোকল নয়, তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. আনোয়ারুল আবেদীন খান। শপথ গ্রহণ শেষে গত সোমবার নিজের ব্যক্তিগত গাড়িতে করে নান্দাইলে আসেন তিনি। সেদিন তিনি বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজীসহ অন্যরা। এরপর তিনি উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তায় গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তখন তাঁর গাড়িতে জাতীয় পতাকা ছিল না।
এদিকে নবম সংসদের সাংসদ আবদুস সালামের এবারের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের আদেশ নিয়ে নির্বাচনে ফিরে আসবেন বলে সালামের সমর্থকেরা অপেক্ষা করছিলেন। কিন্তু সেই সুযোগ না পেয়ে মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত তিনি আর নান্দাইলে আসেননি। গত মঙ্গলবার আবদুস সালাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের বর্ধিত সভায় যোগ দিতে পতাকাবাহী সরকারি গাড়িতে চড়ে নান্দাইলে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল মডেল থানার পুলিশ তাদের সরকারি গাড়ি নিয়ে নান্দাইলের শেষ সীমানা থেকে সালামকে বহনকারী গাড়িটিকে আগের মতো প্রটোকল দিয়ে উপজেলা সদরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, দলের বর্ধিত সভায় নতুন সাংসদ আনোয়ারুল আবেদীন খানকে আমন্ত্রণ জানানো হয়নি। মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টা পর্যন্ত ওই কার্যালয়ের সামনেই পুলিশের গাড়িটিকে অবস্থান করতে দেখা যায়। এলাকার লোকজন তাঁদের এলাকায় দুই সাংসদের অবস্থান নিয়ে অনেকটা কৌতূহলী হয়ে পড়েন। এ বিষয়ে তাঁরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তাঁদের নিয়ে নানা ধরনের প্রশ্ন করেন। তবে পত্রিকায় নাম প্রকাশ করে কেউ কিছু মন্তব্য করতে রাজি হননি।
সাংসদ আনোয়ারুল আবেদীন খান প্রথম আলোকে বলেন, ‘সাংসদ হিসেবে আমি প্রটোকল পাওয়ার যোগ্য। তবে সাবেক সাংসদ প্রটোকল নেওয়ায় ক্ষমতার অপব্যবহার হচ্ছে।’
এ বিষয়ে গতকাল বুধবার মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সাবেক সাংসদকে প্রটোকল দেওয়ার বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন ‘আমাদের কাছে নতুন কোনো নির্দেশনা আসেনি। পুলিশ দুই সাংসদের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রেখেছে। তাদের কোনো প্রটোকল দেওয়া হয়নি।’