
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও তাঁর চাচা মোশারফ হোসেন। এর ফলে চ্যালেঞ্জের মুখে পড়লেন জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা।
দলীয় সূত্রে জানা যায়, এই আসনে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের চাচা মোশারফ হোসেনকে। পরে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেনকে। তখন কেন্দ্রীয় নির্দেশে মোশারফ হোসেন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন লিয়াকত হোসেন। এবারের নির্বাচনে সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, তাঁর চাচা মোশারফ হোসেনসহ ১৫ জন দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। জাতীয় পার্টি থেকে এবারও মনোনয়ন পান লিয়াকত হোসেন।
অবশেষে গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। বিকেলে পৃথকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আবদুল্লাহ আল কায়সার ও মোশারফ হোসেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘এখানে নৌকা প্রতীক না দেওয়ার কারণে আসনটি অবশ্যই বিএনপি-জামায়াতের দখলে চলে যাবে। দলের হাজার হাজার নেতা-কর্মীর অনুরোধে প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই।’
তবে সাংসদ লিয়াকত হোসেন বলেছেন, সর্বশেষ তাঁরা (স্বতন্ত্র প্রার্থী) থাকবেন না। দলের নির্দেশে অবশ্যই তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।