সাবেক সাংসদের ছেলের গাড়ির ধাক্কায় দুজন নিহত
সাবেক সাংসদের ছেলের গাড়ির ধাক্কায় রাজধানীর বনানীতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে বনানীর ১১ নম্বর সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়ি ও চালক মাহিন রেজাকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন রমেন দাঙ্গো (৪২) ও কোহিনুর আলম (৩৫)। রমেন বেসরকারি প্রতিষ্ঠান মিউচুয়াল গ্রুপের পিয়ন এবং কোহিনুর একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী। রমেনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে এবং কোহিনুরের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। গাড়ির চালক মাহিন রেজার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের মহেষপুরে। তাঁর বাবা সৈয়দ মাসুদ রেজা বরিশাল-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ ছিলেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার প্রথম আলোকে বলেন, রমেন বাইসাইকেলে করে যাচ্ছিলেন। বনানীর ১১ ও ১২ নম্বর সড়কের সংযোগস্থলে পৌঁছালে গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। এরপর গাড়ি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় কিছুদূরে দায়িত্ব পালনরত অবস্থায় কোহিনুরকে ধাক্কা দেন। এরপর গাড়িটি ফুটপাতের ওপর উঠে যায়। এ ঘটনায় দুজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন এসে গাড়ি ও গাড়ির চালককে আটক করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, মাহিন অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে দেশে ফিরেছেন। রাস্তা ফাঁকা পেয়ে তিনি দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর কাছে গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া যায়নি। তবে তিনি দাবি করেছেন, তাঁর কাছে লাইসেন্স ছিল; দুর্ঘটনার পর লোকজন নিয়ে গেছেন।