সাবেক সাংসদের নাম বলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারদলীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। কিন্তু অনুষ্ঠান সঞ্চালক বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত বর্তমান সাংসদের নাম না বলে একই এলাকার বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরীর নাম ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান সাংসদ অনুষ্ঠানের সঞ্চালক শিক্ষককে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন। সিলেট-৩ দক্ষিণ সুরমা উপজেলার সিলাম কলারতল নবারুন বহুমুখী উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। সাংসদের এ আচরণে অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষককে এভাবে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিদ্যালয়ের আঙিনায় আয়োজন করা হয়েছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ফখরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন। অনুষ্ঠান শুরু করতে গিয়ে তিনি প্রধান অতিথির নাম বলতে গিয়ে ভুল করে সাবেক সাংসদের নাম বলেছিলেন। কিন্তু সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী এ ভুল সংশোধনের সুযোগ না দিয়ে মঞ্চ থেকে শিক্ষককে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ায় উপস্থিত অনেকেই বিক্ষুব্ধ হন। এ পরিস্থিতিতে অনুষ্ঠান তাড়াহুড়ো করে শেষ করা হয়। যোগাযোগ করা হলে বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম জানান, তিনি ভুল করে বর্তমান সাংসদের স্থলে সাবেক সাংসদের নাম বলেছিলেন। এরপর কী হয়েছিল—এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিদ্যালয়ের একাধিক শিক্ষক সাংসদের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনুষ্ঠানের আয়োজন থেকে শুরু করে অনুষ্ঠানের দিন পর্যন্ত শুধু বিদ্যালয় নয়, এলাকাবাসীরও জানা ছিল যে বর্তমান সাংসদ হিসেবে আমাকে প্রধান অতিথি করা হয়েছে। আমি মঞ্চে আসন গ্রহণ করার পরও ঘোষক (বিদ্যালয় শিক্ষক) দুবার বর্তমান সাংসদ বলতে গিয়ে সাবেক সাংসদের নাম বলছিলেন।’অনুষ্ঠানে বর্তমান সাংসদকে প্রধান অতিথি করে মাইকে সাবেক সাংসদের নাম বলা সবার কাছে অপমানজনক হয়েছে জানিয়ে সাংসদ বলেন, ‘ঘোষকের এমন ঘোষণা শুধু আমার নয়, অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে অপমানজনক লাগছিল। তখন আমি ওই ঘোষককে ধমক দিয়ে মঞ্চ থেকে নেমে যেতে বলেছি।’ সিলাম কলারতল নবারুন বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কফিলউদ্দিন আহমদ বলেন, ‘এটা আসলে ভুল বোঝাবুঝি থেকে হয়েছিল। তবে আমরা অনুষ্ঠান শেষে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে দিয়েছি। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী মহলে আর কোনো ক্ষোভ নেই।’