সাবেক সাংসদের পাশে স্বাস্থ্যমন্ত্রী ও ডেপুটি স্পিকার
দিনাজপুরের রাজনীতিক সাবেক সাংসদ এম আবদুর রহিমকে দেখতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত রোববার দুপুরে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান।
এ সময় আবদুর রহিমের জ্যেষ্ঠ ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বাবার শয্যাপাশে ছিলেন। ইকবালুর রহিম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও ডেপুটি স্পিকার প্রায় ৩০ মিনিট বাবার পাশে অবস্থান করেন। তাঁরা বাবার সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এম আবদুর রহিম স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগের যে কমিটিতে সভাপতি ছিলেন, আবদুর রহিম সেই কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ৫ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়।