সাবেক সাংসদের বাড়ি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. গিয়াস উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। মিছিল থেকে ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা মিরসরাইয়ের বিএনপি-সমর্থিত সাবেক সাংসদ এম এ জিন্নাহর বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। গতকাল মঙ্গলবার বিকেলে মিরসরাই উপজেলা সদরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন উপজেলার রাজনৈতিক কর্মসূচি ও পরিষদের কাজ সেরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড পৌঁছলে বিএনপি-জামায়াতের পিকেটাররা সিএনজিতে পাথর ছুড়ে মারে। পাথরের আঘাতে গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। তাঁকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গিয়াস উদ্দিন আহত হওয়ার খবর মিরসরাইয়ে পৌঁছলে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের শত শত নেতা-কর্মী রাস্তায় নেমে আসেন। দলীয় নেতা-কর্মীরা গিয়াস উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে উত্তেজিতরা বিভিন্ন স্থানে হামলা চালায়। এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মিরসরাইয়ে পৌর মেয়র এম শাহাজান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মিরসরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সম্পাদক মুহামঞ্চদ জাফর ইকবাল, এম সেলিম, জামিল, এস এম সেলিম, মাঈনুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মিরসরাই উপজেলা বিএনপি-জামায়াতের ইঙ্গিতে সীতাকুণ্ডে গিয়াস উদ্দিনের ওপর হামলা চালানো হয়েছে।উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল আমিন বলেন, মিরসরাইয়ের পরিস্থিতি সবচেয়ে শান্ত ছিল। মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি উপজেলা বিএনপির কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।