সাবেক সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপিদলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. জাহিদুল কবির এ আদেশ দেন।
অন্য আটজন হলেন সরোয়ার প্যাদা, মো. মশিউর রহমান, মো. লিটন, মো. জামাল প্যাদা, মো. হারুন আকন, মো. জামাল বেপারী, মো. শওকত ও মো. হালিম।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর রাতে সাবেক সাংসদ জহির উদ্দিনসহ তাঁর সন্ত্রাসী দল জেলার গৌরনদী উপজেলা কৃষক লীগের নেতা দেলোয়ার হোসেনের বুড়ির চর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। দেলোয়ারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ওই ঘটনায় গত বছর দেলোয়ার গৌরনদী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জহির উদ্দিনসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বরিশাল আদালতের জিআরও পরশ কুমার জানান, জহির উদ্দিনসহ অন্যরা গতকাল আদালতে উপস্থিত না থাকায় বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।