সাবেক সাংসদের বিরুদ্ধে দখল-চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরামের বিরুদ্ধে বাড়ি দখল ও ভবন ভাঙচুরের চেষ্টার অভিযোগ তুলেছেন তাঁর আপন দুই বোন। তবে এস এম আকরাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সদর মডেল থানার পেছনে ২৮ রয়েল ট্যাংক রোডে বাড়িটি অবস্থিত। ১৪ শতাংশ জায়গার ওপর দুইতলা ভবনের মালিক ছিলেন প্রয়াত পিয়ার মোহাম্মদ মিয়া। তাঁর মৃত্যুর আগে ও পরে সম্পত্তির কোনো ভাগভাটোয়ারা হয়নি। পিয়ার মোহাম্মদের চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। তাঁরা হলেন নাসিমা আক্তার, নূর জাহান আকতার, এস এম আকরাম, এম এম আলতাফ, আনোয়ার আশরাফ, বি এ মাসুদ, সেলিনা হোসেন, রোকসানা হোসেন ও সালমা আনজুম।নাসিমা আক্তার ও রোকসানা হোসেন গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ২৫ বছর ধরে তাঁরা ২৮ রয়েল ট্যাংক রোডের বাড়িতে বাস করছেন। বাড়ির সম্পত্তির মালিকানা নিয়ে বাটোয়ারা মামলাটি আদালতে বিচারাধীন। অন্য ভাইবোনদের না জানিয়ে সম্প্রতি তাঁর ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাবেক সাংসদ এস এম আকরাম, আলতাফ ও আশরাফ মিলে বাড়িটি বিক্রির পাঁয়তারা করেন। এ জন্য তাঁরা এক ক্রেতার কাছ থেকে এক কোটি টাকায় বাড়িটি বায়না করেন। বাড়ি বিক্রির বিরোধিতা করায় এর আগেও তাঁদের এই তিন ভাই বাড়িতে হামলা চালান। সর্বশেষ গতকাল শনিবার সকাল সাতটার দিকে আকরাম ও তাঁর ২০-২৫ জন অনুগত নেতা-কর্মী বাড়িতে হানা দেন। তাঁদের উপস্থিতিতে বেশ কয়েকজন শ্রমিক বাড়িটি ভাঙতে থাকেন। তাঁরা বাড়ির অনেকাংশ ভেঙে ফেলেন। একপর্যায়ে বাড়ির পাশে শহরের ঐতিহ্যবাহী আনন্দ রেস্তোরাঁর গুদাম ভাঙচুর ও সেখান থেকে মালামাল লুটপাট করা হয়। এ সময় তাঁরাসহ অন্যরা বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সাবেক সাংসদ এস এম আকরাম বলেন, ‘২৮ রয়েল ট্যাংক রোডের বাড়িটি নিয়ে পারিবারিক কিছু ঝামেলা রয়েছে। তবে আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এটি আমাকে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র। আমি বা আমার কোনো লোকজন সকালে সেখানে যায়নি।’ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ২৮ রয়েল ট্যাংক রোডের বাড়িটি তাঁদের পৈতৃক সম্পত্তি। ওই সম্পত্তির মালিকানা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ রয়েছে। সাবেক সাংসদ আকরামের লোকজন বাড়িটি ভাঙতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ ঘটনার এক সপ্তাহ আগে আকরামের বিরুদ্ধে তাঁর বোন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।