সাবেক সাংসদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
জাতীয় পার্টির সাবেক সাংসদ শাহজাহান আলীসহ চারজনের বিরুদ্ধে মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করেছেন। ধুনট থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নে খাদুলি মুলতানি শাহজাহান দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষকের একটি পদে (সমাজবিজ্ঞান) লোক নিয়োগ দেওয়ার জন্য গত বছরের ৯ জুন স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে উপজেলার পেচিবাড়ী গ্রামের রনজনা বেগম আবেদন করেন। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাংসদ শাহজাহান আলী ও আবদুল কুদ্দুস এবং মাদ্রাসার সুপার এমদাদুল হক, সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা চাকরি দেওয়ার কথা বলে রনজনার কাছ থেকে চার লাখ টাকা নেন। কিন্তু তাঁকে চাকরি না দিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়। পরে তাঁকে টাকাও ফেরত দেওয়া হয়নি। ৭ মার্চ রনজনার বাবা রজিব উদ্দিন ধুনট থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা জানান, রনজনা বেগমকে চাকরি দেওয়ার কথা বলে মাদ্রাসার সুপার, সাবেক সাংসদসহ কয়েকজন তাঁর নাম ব্যবহার করে চার লাখ টাকা নিয়েছেন। তিনি এর সঙ্গে জড়িত নন। মাদ্রাসার সুপার এমদাদুল হক জানান, বিভিন্ন কারণে রনজনা বেগমকে চাকরি দেওয়া হয়নি। টাকা-পয়সার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।সাবেক সাংসদ শাহজাহান আলী বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজার সঙ্গে অন্য সদস্য ও শিক্ষকদের বিশ্বাসের অভাব ছিল। এ কারণে তাঁরা রনজনা বেগমকে চাকরি দিতে পারেননি। টাকা-পয়সা নেওয়ার ঘটনা সত্য। তবে এতে তিনি জড়িত নন। তাঁর নামে অভিযোগ অসত্য। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কয়েক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।