সাবেক সাংসদের মাইক্রোবাসে হামলা
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বহনকারী মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসরাত সুলতানা গতকাল ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য উপজেলার দপদপিয়া ইউনিয়নে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলতলা এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় কিছু নেতা-কর্মী তাঁকে বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। বিষয়টি নিয়ে ইসরাত সুলতানার সফরসঙ্গীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা মাইক্রোবাসের দুটি গ্লাস ভাঙচুর করেন। যোগাযোগ করা হলে ইসরাত সুলতানা অভিযোগে বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে যুবলীগের নেতা মোত্তাকিন বিল্লাহর নেতৃত্বে এ হামলা চালানো হয়।’ নলছিটি উপজেলা শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি ও যুবলীগের নেতা মোত্তাকিন বিল্লাহ বলেন, ‘হামলার বিষয়ে আমি কিছু জানি না। শুনেছি ইউনিয়ন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে।’