সাবেক সাংসদের সফর নিয়ে বাউফল বিএনপিতে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপিদলীয় সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার সাড়ে চার বছর পর আজ মঙ্গলবার সকালে বাউফল উপজেলায় আসছেন। তাঁর আগমনকে ঘিরে দলের প্রতিপক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির উপজেলা শাখার দুই পক্ষ গত রোববার সন্ধ্যায় বাউফল পৌর শহর, কালীশুরি বন্দরসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে। ওই দিন রাত সোয়া নয়টার দিকে বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় বিএনপির উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান ওরফে বাচ্চুর বাসভবনে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।রাতেই শহিদুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন কামরুজ্জামান। এর মধ্যে যুবদলের সূর্যমনি ইউনিয়ন শাখার সদস্য ফুয়াদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।অন্য আসামিদের মধ্যে রয়েছেন পৌরসভার যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, শহিদুলের ছোট ভাই ও কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম উদ্দিন তালুকদার, বিএনপির উপজেলা শাখার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম , সাবেক সহসভাপতি মো. শিমুল ও মনির হোসেন। অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।নির্বাচনের পর দিন থেকে এলাকাছাড়া শহিদুল: বিএনপির নেতা-কর্মীরা জানান, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েও মামলার জটিলতায় নির্বাচন থেকে সরে যেতে হয় শহিদুলকে। সেই সুযোগে মনোনয়ন পান জাতীয় পার্টি থেকে আসা শিল্পপতি এ কে এম ফারুক আহমেদ। নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের আ স ম ফিরোজ। ২০০৯ সালে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ফারুক। কমিটিতে ঠাঁই হয়নি শহিদুল ও তাঁর সমর্থিত অনেক নেতা-কর্মীর। শহিদুলের অনুপস্থিতিতে তাঁর সমর্থিত নেতা-কর্মীরা প্রতিটি ইউনিয়নে পাল্টা কমিটি করে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছেন। এদিকে কামরুজ্জামানের করা মামলার নিন্দা জানিয়েছেন বিএনপির উপজেলা শাখার যুববিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং বাউফল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর সরোয়ার হোসেন। তাঁরা বলেন, শহিদুল যাতে এলাকায় আসতে না পারেন, সে জন্য একই দলের এক নেতা হামলা ও অগ্নিসংযোগের নাটক সাজিয়ে মিথ্যা মামলা করেছেন। তবে নাটক সাজানোর অভিযোগ অস্বীকার করেছেন কামরুজ্জামান।শহিদুল আলম তালুকদার গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন কারণে দীর্ঘ সাড়ে চার বছর এলাকায় যাওয়া সম্ভব হয়নি। কাল (আজ মঙ্গলবার) সকালে বাউফলে আসব। আমার আগমন ঠেকাতে একজন অরাজনৈতিক লোকের পক্ষ নিয়ে বিএনপি নেতা কামরুজ্জামান নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন।’