সাবেক সিইসি এ টি এম শামসুল হুদাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে তলব করেছেন হাইকোর্ট৷ আগামী ৩ জুন তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে৷ গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন৷
১৭ মে রাজধানীর ব্র্যাক সেন্টার-ইনে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন৷ এই বক্তব্য গতকাল বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়৷ ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘নো রুল অব ল’ শিরোনামে এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়৷ এতে শামসুল হুদাকে উদ্ধৃত করে বলা হয়, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, বিচার বিভাগসহ সব সাংবিধানিক সংস্থা রাজনৈতিকীকরণ হয়ে গেছে৷ এসব জায়গায় অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন৷ দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই৷
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বলেন, ডেইলি স্টারের প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়েছেন৷ অবমাননাকর ওই বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর (শামসুল হুদা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে৷ স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, শামসুল হুদা, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে৷