সাবেক সিইসি কমিশনারদের সংলাপে ডাকতে পারে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচনী আইন সংস্কার-বিষয়ক সংলাপে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার জাবেদ আলী গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে জাবেদ আলী বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাধীনতার পর থেকে যাঁরা সিইসি ও কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, কমিশন তাঁদের সবাইকে সংলাপে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে। কমিশন মনে করে, তাঁদের নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। তাঁদের সেই অভিজ্ঞতা বর্তমান কমিশনের কাজে লাগবে। তিনি জানান, ঈদের পর এই সংলাপ হতে পারে।জাবেদ আলী ব্যক্তিগতভাবে সাবেক সিইসি এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের আইন সংস্কারের কয়েকটি প্রস্তাব সমর্থন করে বলেন, ‘আগের কমিশন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কমিশনের সঙ্গে পরামর্শ করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব করেছে। এই প্রস্তাব যথেষ্ট যৌক্তিক। আমি মনে করি, শুধু এই চারটি মন্ত্রণালয় নয়; শিক্ষা, স্বাস্থ্য এবং ভূমি মন্ত্রণালয়ের কর্তৃত্বও কমিশনের হাতে ন্যস্ত করা উচিত। কারণ, এসব মন্ত্রণালয়ের বেশির ভাগ কর্মকর্তা ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন।’প্রসঙ্গত, বর্তমান সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ ইতিমধ্যে আগের কমিশনের এ-সংক্রান্ত প্রস্তাব নাকচ করেছেন।জাবেদ আলী বলেন, ‘আগের কমিশন ঢাকা মহানগরের আসনসংখ্যা ১০টিতে সীমাবদ্ধ করার প্রস্তাব করেছে। কিন্তু যৌক্তিক কারণেই ঢাকা শহরের আসন আটটি করে দেওয়া উচিত। বর্তমান জনসংখ্যা অনুযায়ী ঢাকা জেলার আসন ২৫টি এবং মহানগরে ২০টির মতো হওয়ার কথা। এটি গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে থাকলে সব আসন তো ঢাকার হয়ে যাবে। অন্য জেলায় কী থাকবে!’ নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে বলে জাবেদ আলী মনে করেন।