সাবেক সিইসি শামসুল হুদাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ জুন তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

১৭ মে রাজধানীর ব্র্যাক সেন্টার-ইনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন শামসুল হুদা। ওই বক্তব্য আজ বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘নো রুল অব ল’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এতে শামসুল হুদাকে উদ্ধৃত করে বলা হয়, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, বিচার বিভাগসহ সব সাংবিধানিক সংস্থায় রাজনীতীকরণ হয়ে গেছে। এসব জায়গায় অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় প্রথম আলোকে বলেন, ডেইলি স্টার-এর ওই প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়েছেন। অবমাননাকর বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, শামসুল হুদা, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।