সাবেক সিভিল সার্জন ও বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন আবদুল কুদ্দুস ভুঁইয়া ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল গাফ্ফার গত সোমবার চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম মমতাজ বেগমের আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানোর নির্দেশ দেন ।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে চুয়াডাঙ্গার তৎকালীন সিভিল সার্জন আবদুল কুদ্দুস ভুঁইয়া সিভিল সার্জন কার্যালয় ও চারটি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার মেসার্স সফিকুল ইসলাম বিশ্বাসের কাছ থেকে ১৯ লাখ ২৮ হাজার ৭৮০ টাকার আসবাবপত্র গ্রহণ করেন। এর মধ্যে ১৪টি পণ্য বাজারের তুলনায় উচ্চ মূল্যে কেনা হয়েছে। এতে সিভিল সার্জন ও ঠিকাদারের বিরুদ্ধে যোগসাজশ করে ছয় লাখ ৩০ হাজার ৬৪২ টাকা ৮০ পয়সা সরকারি অর্থ আত্মসাৎ​ করেন।

ওই ঘটনায় বিলুপ্ত জেলা দুর্নীতি দমন ব্যুরো চুয়াডাঙ্গার সাবেক পরিদর্শক আবুল কাশেম ১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর মামলা করেন।