সাবেক সিভিল সার্জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা, বিএমএর ক্ষোভ
অতিরিক্ত জেলা প্রশাসককে লাঞ্ছিত করার অভিযোগে লক্ষ্মীপুর জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা ঘোষণার পর গতকাল সোমবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) লক্ষ্মীপুর শাখার নেতারা দাবি করেন, ব্যক্তিগত একটি ঘটনাকে কেন্দ্র করে ওই সাজা দেওয়া হয়। এতে তাঁরা ক্ষুব্ধ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সকাল নয়টার দিকে শহরের কাকলি শিশু অঙ্গন বিদ্যালয় এলাকায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে তর্ক হয় সালাহ উদ্দিন শরীফের। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে পুলিশ পাঠিয়ে সালাহ উদ্দিনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দুজনের সন্তান ওই বিদ্যালয়ে পড়ে।
পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান। সাবেক সিভিল সার্জনকে সাজা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন লক্ষ্মীপুরের চিকিৎসকেরা। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগমের সঙ্গে দেখা করে। তারা এ ঘটনার প্রতিবাদ জানায়। জেলা প্রশাসক এ ঘটনায় আইনি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলে বিএমএর নেতারা শান্ত হন।
লক্ষ্মীপুর জেলা বিএমএর সভাপতি আশফাকুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত একটি ঘটনায় সাবেক সিভিল সার্জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া ঘটনা মেনে নেওয়া যায় না। বিষয়টি বিএমএর কেন্দ্রীয় নেতাদেরও তাঁরা জানিয়েছেন। দ্রুত এর সমাধান না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।
এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা কেউ ফোন ধরেননি।
পরে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসককে লাঞ্ছিত করায় ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন। তিনি এর বেশি কিছু বলতে চাননি।