সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে ৫৭ ধরনের ওষুধ এবং ইলেকট্রো মেডিকেল ওয়ার্কশপের খুচরা যন্ত্রপাতি ও মালামাল কেনায় প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ২০ বছর পর অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার বিকেলে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন দুদক ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বরিশালের সাবেক সিভিল সার্জন ও বর্তমানে মেহেরপুর সিটি নার্সিং হোমে কর্মরত খায়রুল আলম, সাবেক সিভিল সার্জন ও বর্তমানে এক্সেনসিয়া টাওয়ার সেগুনবাগিচার বাসিন্দা আফতাব উদ্দিন আহম্মেদ, মাদারীপুরের মেসার্স মাদারীপুর মেডিসিন সাপ্লায়ার্সের মালিক ঠিকাদার সাইদুর রহমান খান ও সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বর্তমানে অবসরে হাবিবুর রহমান।
আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯৮ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকা তৎকালীন সিভিল সার্জন খায়রুল আলম ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য উপেক্ষা করে উচ্চমূল্যে ওষুধ কেনার বিপরীতে ৫ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকার নয়টি বিল জমা দেন। ওই বিল থেকে ৯১ লাখ ৬৪ হাজার ৯৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৬ সালের ২১ মার্চ দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সিভিল সার্জন খায়রুল আলমসহ ছয়জনকে অভিযুক্ত করে মামলা করেন।
অপর এক মামলায় ১৯৯৭ সালের ২৯ সেপ্টেম্বর থেকে একই বছর ২ অক্টোবর পর্যন্ত একই পদে দায়িত্বে থেকে সিভিল সার্জন খায়রুল আলম ক্ষমতার অপব্যবহার করে দরপত্র কমিটির সদস্য সাইদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন ও সদস্যসচিব হাবিবুর রহমানের সহায়তায় এমএসআর স্ট্যান্ডার্ডের চেয়ে অধিক দরে ২৫টি বিপি মেশিন এবং অপারেশনের লাইটসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনেন। ওই সব জিনিস কেনার ওপর ৩ শতাংশ মূসক বাবদ ৪ লাখ ৩৯ হাজার ৪৪৫ টাকা ও অপর একটি বিলের ২ লাখ ১০ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৬ সালের ২১ মার্চ দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সিভিল সার্জন খায়রুল আলমসহ নয়জনকে অভিযুক্ত করে আরও একটি মামলা করেন। এ মামলায় গত ২০ মার্চ একই আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বরিশালের সাবেক সিভিল সার্জন খায়রুল আলম, সাবেক ডেপুটি সিভিল সার্জন সাইদুর রহমান, সাবেক মেডিকেল অফিসার হাবিবুর রহমান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান ও ঠিকাদার আমিনুর রহমান চৌধুরী।