সাবেক সেতু সচিবকে দুদকের জিজ্ঞাসাবাদ
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তের অংশ হিসেবে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান মোশাররফ হোসেন। গত রোববার দুদক তাঁকে নোটিশ পাঠায়।দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলি ও মির্জা জাহিদুল আলম প্রায় আড়াই ঘণ্টা পদ্মা সেতুর বিভিন্ন বিষয় নিয়ে সাবেক সেতু সচিবের সঙ্গে কথা বলেন। বর্তমানে ছুটিতে থাকা মোশাররফ হোসেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেডএ) নির্বাহী চেয়ারম্যানও।বিশ্বব্যাংকের পাঠানো চিঠির সূত্র ধরে এ পর্যন্ত পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের আরও তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন তৈরি করবে।দুদক সূত্র জানায়, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি মূল্যায়ন কমিটি পরামর্শক হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করে। এর প্রথমটি এসএনসি-লাভালিন, যুক্তরাজ্যের হালক্রো গ্রুপ ইউকে, নিউজিল্যান্ডের একম অ্যান্ড এজেডএল, জাপানের ওরিয়েন্টাল কনসালট্যান্ট কোম্পানি লিমিটেড এবং যুক্তরাজ্য ও নেদারল্যান্ডের জয়েন্টভেঞ্চার প্রতিষ্ঠান হাই পয়েন্ট রেলেন্ড। এর মধ্যে এসএনসি-লাভালিনের প্রতিনিধিদের সঙ্গে সেতু ভবনসহ বিভিন্ন স্থানে সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া একক এবং প্রকল্প পরিচালক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে যৌথ বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে।