সাবেক সেতু সচিবের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছি: দুদক চেয়ারম্যান
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ও সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিজেই। সংস্থাটির চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘সাবেক সেতু সচিব সৌজন্য সাক্ষাতের পারমিশন (অনুমতি) চেয়েছেন। আমি পারমিশন দিয়েছি।’
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের সঙ্গে সাক্ষাত্ ও বৈঠক করেন সাবেক সেতু সচিব।
এ প্রসঙ্গে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘তিনি আসামি এটা ঠিক। তবে জামিনপ্রাপ্ত। আর জামিন পাওয়া সাবেক সেতু সচিবের সঙ্গে দেখাসাক্ষাতে কোনো আইনগত বাধা নেই।’
এদিকে দুদকের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গেও মোশাররফ হোসেন ভূঁইয়া কয়েকবার দেখা করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু তিনি দেখা করার অনুমতি দেননি। আলোচিত ও বিতর্কিত এ মামলার আসামির সঙ্গে দেখা করে দুদক প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন তাঁরা।
সাবেক সেতু সচিবের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, ‘তিনি বলেছেন, তিনি ন্যায়বিচার চান। তিনি তাঁর মতো করে বলেছেন। আমি বলেছি তদন্ত টিম তাঁদের স্বাভাবিক নিয়মে তদন্তকাজ পরিচালনা করবে।’ এ সময় মোশাররফ হোসেনকে সম্মানিত ব্যক্তি উল্লেখ করে বদিউজ্জামান বলেন, ‘বর্তমানে তিনি ওএসডি, আবার তিনি তাঁর পোস্টে চলে যাবেন।’
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর মোশাররফকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) হিসাবে রাখা হয়েছে।
মামলার আসামির সঙ্গে সাক্ষাতের ফলে তদন্তে নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘তার প্রভাব খাটানোর সুযোগ ছিলও না, সুযোগ নেইও।’
পদ্মা তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে বদিউজ্জামান বলেন, ‘সম্ভবত আগামী ৯ সেপ্টেম্বর দুদক টিম কানাডায় যাবে।’