সাবেক সেতুসচিবের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে।জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘ওই মামলা এখনো শুরু হয়নি, অভিযোগপত্রও দেওয়া হয়নি। এ জন্য আইনি কোনো ঝামেলা না থাকায় ওই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।’গত বছরের ২৬ ডিসেম্বর মোশাররফ হোসেন ভূঁইয়া গ্রেপ্তার হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।শিবগঞ্জের সাবেক ইউএনও সাময়িক বরখাস্ত: গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও; জ্যেষ্ঠ সহকারী সচিব) এ জেড এম শার্জিল হাসানকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আদেশে বলা হয়, শার্জিল হাসান শিবগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ করেছেন।মন্ত্রণালয়ের সূত্রমতে, গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর জামায়াত-শিবির দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। শিবগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে, ইউএনও হিসেবে শার্জিল হাসান তখন সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন করেননি। এ নিয়ে তদন্তও হয়।