সাবেক সেনা কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারিধারা ডিওএইচএসে সাবেক এক সেনা কর্মকর্তার বাসা থেকে গত রোববার রাতে এক ষোড়শী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাসরিন ওরফে নাজমা (১৬)। সে কর্নেল (অব.) আবুল কালাম মোহাম্মদ জাকিরের বাসায় কাজ করত। নিহত নাসরিনের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। গৃহকর্তার বরাত দিয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানায়, নাসরিন প্রায় দুই বছর ধরে বারিধারা ডিওএইচএসের ৮ নম্বর সড়কে ৪৭১ নম্বর বাসার দ্বিতীয় তলায় সাবেক সেনা কর্মকর্তার বাসায় কাজ করছিল। গত রোববার বিকেলে নাসরিনকে গৃহকর্ত্রী মাহবুবা জাকির বকাঝকা করেন। পরে রাত সাড়ে আটটার দিকে নাসরিন বাসার একটি কক্ষে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, নাসরিন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে।নাসরিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দামহর গ্রামে। তার বাবা মো. দুলাল রিকশাচালক। দুলাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ওই বাসার সদস্যরা তাঁর মেয়েকে কারণে-অকারণে মারধর করত। তিনি বলেন, প্রায় আট মাস আগে গৃহকর্তার ছেলে তানজীল চৌধুরী নাসরিনের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে এ কথা জানার পর তিনি মেয়েকে ওই বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু গৃহকর্ত্রী মাহবুবা জোর করে নাসরিনকে রেখে দেন। শুধু তা-ই নয়, ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দেওয়ায় মাহবুবা তখন নাসরিনকে মারধরও করেন। দুলালের অভিযোগ, ‘মা ও ছেলে মিলে আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়েছে।’ যোগাযোগ করা হলে তানজীল চৌধুরী নাসরিনের শ্লীলতাহানির চেষ্টার এবং গৃহকর্ত্রী মাহবুবা জাকির নাসরিনকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে এ ঘটনায় রোববার রাতেই কর্নেল জাকির বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, ‘মৃতা অনেকটা উগ্র স্বভাবের এবং অকারণে পাগলের ন্যায় হাসতো এবং তাকিয়া থাকিতো। এতে কর্নেল (অব.) আবুল কালাম মো. জাকিরের স্ত্রী মাহবুবা জাকির শাসন করিলে, অদ্য ১৭/০৪/২০১১ তারিখ অনুমান সাড়ে ৮টার সময় সকলের অগোচরে মৃতা নাসরিন (নাজমা) তাহার থাকার কক্ষের ফ্যানের সাথে নিজের ওড়না দিয়া ফাঁসিতে আত্মহত্যা করে।’প্রতিবেদনটি তৈরি করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার। সুরতহাল প্রতিবেদনে মূলত লাশের বিবরণ উল্লেখ করার কথা। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি। সুরতহাল প্রতিবেদনে এ ধরনের মতামত বা বক্তব্য লেখার নিয়ম আছে কি না, তা জানতে চাইলে এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, ‘না, এগুলো লেখার কোনো যৌক্তিকতা নেই। বাদী (কর্নেল জাকির) যা বলেছেন তা-ই লিখেছি।’ নিয়ম না থাকা সত্ত্বেও এমন কথা কেন লিখেছেন—এ প্রশ্নের সঙ্গে সঙ্গে এই পুলিশ কর্মকর্তা মুঠোফোনের লাইন কেটে দেন। পরে ফোনটি বন্ধ পাওয়া যায়।নিহত নাসরিনের স্বজনেরা জানান, নাসরিন কোনো সময় পাগল প্রকৃতির ছিল না। সে স্বাভাবিক ছিল। তাঁদের অভিযোগ, ঘটনাকে ভিন্ন খাতে নিতে পুলিশ এসব গল্প সাজাচ্ছে। নাসরিন পাগল প্রকৃতির ছিল, এমন কথা গৃহকর্ত্রী মাহবুবা বা তাঁর ছেলে তানজীলও প্রথম আলোকে বলেননি। গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে নাসরিনের ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।