সাবেক সেনা কর্মকর্তার বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকায় সাবেক এক মেজর জেনারেলের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমি (১৫)। গৃহকর্তার দাবি, সুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।ক্যান্টনমেন্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের জানান, নিহত সুমি ডিওএইচএসের ৭ নম্বর সড়কের মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলীর বাসায় কাজ করত। খবর পেয়ে গতকাল বেলা তিনটার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। গৃহকর্তা মোহাম্মদ আলীর বরাত দিয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, গতকাল বিকেলে কাজের জন্য সুমিকে বকাঝকা করা হয়। বেশ কিছুক্ষণ পর বাসার লোকজন তাকে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।ওসি জানান, গৃহকর্তা তাঁর নিজের বক্তব্য দিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত এই মৃত্যুর ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।সূত্র জানায়, নিহত সুমির গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বলে জানা গেছে। তার বাবার নাম মানিক।