সাবেক স্ত্রীকে তুলে নেওয়ার সময় সেনাসদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সাবেক স্ত্রীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক সেনাসদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের শালগ্রামপুর গ্রামে। পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, ২০০৯ সালে উপজেলার কালিয়ান গ্রামের আরমান আলীর ছেলে সেনাসদস্য আলী আকবরের সঙ্গে একই উপজেলার শালগ্রামপুর গ্রামের প্রবাসী মোস্তফা আলীর মেয়ে আশা আক্তারের (২১) বিয়ে হয়। দুই বছর সংসার করার পর আকবর ও আশার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাঁর অন্যত্র বিয়ে হয় এবং সেখানেও ছাড়াছাড়ি হয়। এর পর থেকে আশাটি তাঁর বাবা-মায়ের সংসারেই থাকতেন। সূত্রটি আরও জানায়, গত বুধবার মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার পথে দাড়িয়াপুর গ্রামের কালাম মেম্বারের বাড়ির পাশে পৌঁছালে ছুটিতে এলাকায় আসা আকবর সাবেক স্ত্রী আশার ওপর হামলা চালান। এ সময় মেয়ে ও মায়ের চিৎকারে লোকজন ছুটে এলে আকবর পালিয়ে যান। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে ওই সেনাসদস্য তিনজন সহযোগী নিয়ে মোটরসাইকেলযোগে আশাদের বাড়িতে আসেন। এ সময় তারা আশাকে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আকবরকে ধরে ফেলে পুলিশে দেয়।আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে এখন আর আকবরের স্ত্রী নয়। তার পরও সে জোর করে আমার মেয়েকে নিতে চায়। মাঝেমধ্যে মুঠোফোনেও নানা হুমকিও দেয়।’ সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, আকবর কক্সবাজার ঝাউতলী সেনানিবাসের ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগে কর্মরত থাকায় বিষয়টি সংশ্লিষ্ট সেনা দপ্তরে জানানো হয়েছে।