সাবেক স্ত্রীকে ধর্ষণের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে রাজশাহীতে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এনামুল হক গতকাল সোমবার এ রায় দেন। মামলায় অপর চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাহাদত হোসেন ওরফে শহীদ (২৭)। তাঁর বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার চরখিদিরপুর গ্রামে।আদালত সূত্রে জানা গেছে, আদালত রায়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের দায়ে শাহাদত হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড, দাহ্য পদার্থ দিয়ে হত্যার অপরাধে তাঁর মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং আঘাতের অভিযোগে এক বছরের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন।রায় ঘোষণার সময় শাহাদত হোসেন পলাতক ছিলেন। তাঁর ভাই মামলার আসামি মোহাম্মদ আলীর ছয় মাসের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড। শাহাদতের মা মসিরন, বোন হিরা ও আয়েশাকে চার মাস করে কারাদণ্ড, ২০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি গোলাম মোস্তফা ও আবুল হাসানকে খালাস দিয়েছেন আদালত।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চরখিদিরপুর গ্রামের আরাজ উল্লাহর মেয়ে রূপালী খাতুনের সঙ্গে ঘটনার তিন বছর আগে একই গ্রামের গরুর ব্যবসায়ী শাহাদত হোসেনের বিয়ে হয়। দুই বছর পর তাঁদের সংসার ভেঙে যায়। এরপর একদিন সাবেক স্বামী আবার সংসার বাঁধার জন্য তাঁকে ফোন করে ডেকে নেন। তাঁর কথা বিশ্বাস করে শাহাদতের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হন রূপালী। ২০১১ সালের ২২ এপ্রিল ভোরের দিকে শাহাদত ডেকে নিয়ে রূপালীর মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর তিনি মারা যান। এ ঘটনায় রূপালীর বড় বোন রিমা খাতুন বাদী হয়ে নগরের মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।