সাবেক স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
রাজশাহীতে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে ও পায়ের রগ কেটে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান গতকাল বুধবার এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের সোহেল ইবনে করিম (৩৫)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বগুড়ার সদর উপজেলার সরকারপাড়া গ্রামের শাকিল সরকার (২৮), আদমদীঘির সেনগুপ্ত ঘোষ (৩৫) ও দুপচাঁচিয়ার বাটাহারা গ্রামের আহাদ আলী (৪০)।
রায় ঘোষণার সময় আসামি শাকিল ও সেনগুপ্ত ঘোষ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন নিয়ে পলাতক আছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এন্তাজুল হক বলেন, সোহেল ইবনে করিমের সাবেক স্ত্রী ছিলেন শিরিন আক্তার (২৫)। নানা কারণে সোহেল তাঁকে হত্যার হুমকি দিতেন। ২০১২ সালের ১৩ ডিসেম্বর বিকেলে আসামিরা একটি মাইক্রোবাসে করে আদমদীঘি উপজেলার মুরইল গ্রামে শিরিনের বাবা আজিজার রহমানের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে তাঁর বাবা-মা না থাকার সুযোগে আসামিরা তাঁকে জোর করে বাড়ির পেছনে নিয়ে যান। এরপর তাঁরা ফাঁস দিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালান। তাঁর দুই পায়ের রগও কেটে দেওয়া হয়। শিরিন মারা গেছেন ভেবে আসামিরা চলে যান।
পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। তখন শিরিন মারা না গেলেও বাকরুদ্ধ হয়ে পড়েন। ২০১৩ সালের ২৬ আগস্ট তিনি মারা যান।