রাজধানীর কামরাঙ্গীরচরে মনির হোসেন হত্যার ঘটনায় তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরের সাবেক দ্বিতীয় স্ত্রী স্বর্ণা আক্তার (২৭), তাঁর বর্তমান স্বামী শরিফ হোসেন (৩৫) ও শরিফের বন্ধু আনোয়ার হোসেন (৩৮)।
জমি কেনা-বেচার ব্যবসায় জড়িত মনিরকে গত ১৭ এপ্রিল হত্যার পর লাশ সাত টুকরা করে দুটি বস্তা ও দুটি ব্যাগে ভরে বুড়িগঙ্গা নদীর তীরে মাদবর গদিঘরের চামচ কারখানার কাছে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় মনিরের প্রথম স্ত্রী হাসিনা বেগম অজ্ঞাতব্যক্তিদের আসামি করে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা করেন। মে মাসে ডিবি পুলিশ এই মামলা তদন্তের দায়িত্ব পায়।
ডিবি জানায়, তাদের একটি দল গতকাল ভোররাত চারটার দিকে কামরাঙ্গীরচরের হাসাননগর থেকে স্বর্ণা ও শরিফকে গ্রেপ্তার করে। এই দম্পতির তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাঁরা মনিরকে হত্যা করে লাশ সাত টুকরা করার কথা স্বীকার করেছেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় বলেন, ১৭ এপ্রিল স্বর্ণাকে দিয়ে কৌশলে মুঠোফোনে মনিরকে স্বর্ণাদের কামরাঙ্গীরচরের বাসায় ডেকে নিয়ে হত্যা করে লাশ টুকরা করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তালাক দিলেও স্বর্ণাকে আবার ফিরে পেতে আনোয়ারকে দুই লাখ টাকা দিয়েও মনির স্বর্ণাকে পাননি। মনির ওই টাকা ফেরত চাইলে আনোয়ার টাকা আত্মসাৎ করতে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডে অংশ নেন আনোয়ার, তাঁর সহযোগী ইব্রাহিম ও স্বর্ণার স্বামী শরিফ। সহায়তা করেন স্বর্ণা। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ইব্রাহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।