সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল মতিন চৌধুরী (৭২) আর নেই। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে মতিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপির দ্বিতীয় মেয়াদে তিনি বস্ত্রমন্ত্রী হন। শারীরিক অসুস্থতার কারণে পরে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। ১৯৭৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। এর আগে তিনি মুসলিম লীগ করতেন। ২০০৮ সাল পর্যন্ত মতিন চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। মতিন চৌধুরীর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।গতকাল বেলা তিনটার দিকে আবদুল মতিনের জানাজা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও কর্মীরা অংশ নেন। জানাজার পর মরহুমের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। আজ রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।