সাবেক স্বামীর এসিডে ঝলসে গেছে মুখমণ্ডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গত বুধবার রাতে দুর্বৃত্তের এসিডে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ও উপজেলার গোপালপুর গ্রামের হাচেন আলীর মেয়ে শিরিন শিলার (২০) মুখমণ্ডল ঝলসে গেছে। ঘটনার পর ক্ষুব্ধ লোকজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের শামিম রেজা (৩০) ও পুঠিয়া উপজেলার কাশিয়াপুকুর গ্রামের শামসুল ইসলাম (১৮)। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে শিরিন শিলা বাড়িতে রান্না করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন তাঁর বাড়িতে ঢোকেন। তাঁদের একজন শামিম রেজা শিলার সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই শামিম তাঁর কাছে থাকা ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে শিরিনের মুখে এসিড ছুড়ে মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তাঁর মা ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে মুখে পানি ঢালেন। ঝলসানো অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসিডে তাঁর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে।এসিড ছুড়ে তিন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন তাদের ধাওয়া করে। একপর্যায়ে জনতা শামিম রেজা ও শামসুল ইসলামকে ধরে ফেলে। মাসুম নামের অপর একজন পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় ক্ষুব্ধ লোকজন আটক দুজনকে প্রহার ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার সকালে শিলার বড় ভাই নূরুল ইসলাম বাগমারা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।শিলার ভাই নূরুল ইসলাম জানান, তাঁর বোনের সঙ্গে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর দুর্গাপুরের গোপালপাড়া গ্রামের সামাল আলীর ছেলে শামিম রেজার বিয়ে হয়। গত ১১ নভেম্বর তাঁর বোন শামিমকে তালাক দেন। এতে ক্ষুব্ধ হয়ে শামিম তাঁর বন্ধুদের নিয়ে শিলার ওপর এসিড নিক্ষেপ করেন।শামিম রেজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে জানান, তাঁকে তালাক দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে গত বুধবার তাহেরপুরের একটি দোকান থেকে এসিড কেনেন। এসিড সিরিঞ্জে ভরে পূর্বপরিকল্পিতভাবে তিনি শিলার ওপর তা নিক্ষেপ করেন।এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ জানান, মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ জানান, আলামত জব্দ করা হয়েছে। আসামিদের স্বীকারোক্তি ও চিকিৎসকের সঙ্গে কথা বলে এসিডের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আসামিরা অসুস্থ থাকায় পুলিশ পাহারায় তাঁদের চিকিৎসা চলছে।