সাবেক স্বামীর কাছে মেয়েদের ভরণপোষণের দাবি

ফরিদপুরে এক সাবেক পুলিশ কর্মকর্তার কাছে দুই মেয়ের ভরণপোষণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই কর্মকর্তার সাবেক স্ত্রী। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে ওই নারী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই পুলিশ কর্মকর্তার সাবেক স্ত্রী কাজী চন্দনা পারভীন। এ সময় তাঁর দুই মেয়ে সাবরিনা আহমেদ ও ফারহানা আহমেদ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে চন্দনা পারভীন বলেন, ‘আমার সাবেক স্বামী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন মিয়া (পরিদর্শক)। ১৯৯৩ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আমি আমার দুই মেয়েকে নিয়ে ঢাকায় বাস করছি। গত ১৪ বছর ধরে আমি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর আমার সহায়-সম্বল বলতে কিছু নেই। বিচ্ছেদের পর থেকে আজ পর্যন্ত আমার দুই মেয়ের ভরণপোষণের জন্য একটি টাকাও দেননি ওদের বাবা। এ নিয়ে আদালতে মামলা হওয়ার পর আদালত প্রতি মাসে প্রত্যেক মেয়েকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন। সেই আদেশ না মানায় শাহাবুদ্দিন মিয়ার কারাদণ্ডও হয়।’
সংবাদ সম্মেলনে চন্দনা পারভীন আরও বলেন, দুই মেয়ের নামে আলফাডাঙ্গা উপজেলা সদরের বাজার এলাকায় জমি কেনা হয়েছিল। কিন্তু সে জমিও বিক্রি করে দিয়েছেন শাহাবুদ্দিন। এ বিষয়ে চন্দনা পারভীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনি আমাদের প্রধানমন্ত্রী। আপনি তো সবার মা। এই দুই অসহায় মেয়ের পাশে এসে আপনি দাঁড়ান। তাদের সম্পদের দাবি বুঝিয়ে দিন।’
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শাহাবুদ্দিন মিয়া প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমি মেয়েদের ভরণপোষণ, বিয়ের খরচ দিতেও রাজি। কিন্তু ওরা ওর মায়ের কথা শুনে নিজেদের সুযোগ হাতছাড়া করছে। এর মধ্যে এক মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম। কিন্তু মায়ের পরামর্শে গত এক মাস আগে সেই মেয়ে স্বামীর ঘর ছেড়ে দিয়েছে।’
মামলায় সাজা হওয়ার কথা স্বীকার করে শাহাবুদ্দিন মিয়া বলেন, ‘উচ্চতর আদালত সে রায় স্থগিত করেছেন। দুই মেয়ের নামে কেনা জমি বিক্রির কথা স্বীকার করেন শাহাবুদ্দিন।
শাহাবুদ্দিনের বক্তব্যের বিষয়ে চন্দনা পারভীন বলেন, ‘উনি আমার মেয়েকে বিয়ে দেননি। আমার মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছিল।’ তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ধরিয়ে দেওয়া অথবা বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে মেয়ের স্বামীর কাছ থেকে টাকা নিয়েছিলেন শাহবুদ্দিন। পরে শাহবুদ্দিন তাঁকে ব্যবসাও ধরিয়ে দেননি বা বিদেশেও পাঠাননি। শাহবুদ্দিন সেই টাকা ফেরত দেন দীর্ঘদিন ধরে। তারা এখনো টাকা পাবে। এসব নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে তাঁর মেয়ে আলাদা রয়েছেন। আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি।