কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি‘আমাকে দিনের পর দিন হুমকি দিচ্ছে। এখন আমি জীবন নিয়ে শঙ্কিত। আমি বাঁচতে চাই। আপনারা আমাকে বাঁচান।’ এ আকুতি পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকতারুন্নেছার। গতকাল শুক্রবার সকালে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।
অভিযোগ ওঠে, প্রায় দুই মাস আগে প্রকাশ্য দিবালোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আকতারুন্নেছা তালাক দেওয়া স্বামী একটি বেসরকারি টেলিভিশনের কুয়াকাটার সাংবাদিক সালাম রেজার যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার শিকার হন। এ ঘটনায় সালামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলাপাড়া থানায় মামলা করা হয়। কিন্তু সালামকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকতারুন্নেছা বলেন, সালাম তাঁকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। আট বছর আগে আকতারুন্নেছাকে প্রলোভন দেখিয়ে সালাম বিয়ে করেন। এরপর সালাম যৌতুকের জন্য স্ত্রী আকতারুন্নেছাকে প্রায়ই নির্যাতন করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৪ সালের ১ জানুয়ারি সালামকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দেন তিনি। কিন্তু এর পরও সালামের নির্যাতন থেকে রক্ষা পাননি। স্কুলে, রাস্তায়, বাসায় গিয়ে প্রতিনিয়ত তাঁকে হুমকি দিচ্ছেন সালাম। সর্বশেষ গত ১৮ মার্চ দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ফেলে তাঁকে যৌন নির্যাতন, মারধর ও হত্যার চেষ্টা করেন। আকস্মিক হামলায় তিনি মাথা, চোখ ও মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পান। তখন কয়েকজন কর্মকর্তা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আকতারুন্নেছা এ ঘটনায় ১৯ মার্চ কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিন্তু সালাম প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে ধরছে না।
আকতারুন্নেছা বলেন, ‘সালামকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময়ে গরু ও জমি বিক্রি করে এবং ব্যাংক থেকে ঋণ করে দেড় লক্ষাধিক টাকা দিয়েছি। তার পরও তাঁর মন গলে নাই। তিনি যৌতুকের জন্য আমাকে নির্যাতন করতে থাকেন। যার ফলে আমি তাঁকে তালাক দিতে বাধ্য হয়েছি। কিন্তু তালাক দেওয়ার পরও তাঁর নির্যাতন কমেনি।’
সালাম রেজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি দুই মাস ধরে ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত। আমি তাঁকে হুমকি দিইনি, তাঁকে কোনো নির্যাতন করি নাই।’
কলাপাড়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার অভিযোগপত্র দাখিলের কাজ শেষ পর্যায়ে রয়েছে।