সাবেক স্বামীসহ দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আলোচিত আসমা বেগম হত্যার ২১ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে আসমার সাবেক স্বামী ও তাঁর এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোসাম্মৎ কামরুন নাহার গতকাল বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন। তবে এ রায়ে সন্তুষ্ট নন জানিয়ে আপিল করার কথা বলেছেন নিহত আসমা বেগমের বোন মামলার বাদী সখিনা বেগম।
দণ্ড পাওয়া আসামিরা হলেন আসমার সাবেক স্বামী রোস্তম আলী (৫০) ও তাঁর সহযোগী সাহা মিয়া (৪৮)। রায় ঘোষণার সময় রোস্তম আদালতে উপস্থিত ছিলেন। সাহা মিয়া পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আড়াইহাজারের মোল্লারচর গ্রামের এলাহী বক্সের মেয়ে আসমা বেগমের সঙ্গে একই উপজেলার চর বাশেরগাঁও গ্রামের মাসুদের বিয়ে হয়। এর কিছুদিন পর বাবার বাড়ি আসার পথে মোল্লারচর গ্রামের রোস্তম আলী আসমা বেগমকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে গিয়ে বিয়ে করেন। পরে আসমা পালিয়ে এসে রোস্তম আলীকে তালাক দেন। এতে রোস্তম আলী ক্ষিপ্ত হন। তিনি সহযোগী সাহা মিয়াকে দিয়ে ১৯৯৫ সালের ৩১ অক্টোবর সন্ধ্যায় আসমা বেগমকে কৌশলে ডেকে নিয়ে বিষ মেশানো ভাপা পিঠা খাইয়ে দেন। এ সময় আসমা চিৎকার করলে রোস্তম ও সাহা পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আসমা মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ বলেন, ‘আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণ করে মৃত্যুদণ্ড চেয়েছিলাম। রোস্তম আলী সিদ্ধিরগঞ্জের আলোচিত এসএসসি পরীক্ষার্থী কিশোর তুহিন হত্যা মামলারও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।’