১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রাম মহানগরের সাবেক হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানকে গতকাল সোমবার দিনভর জেরা করেছেন আসামিপক্ষের তিন আইনজীবী। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষী মাহাবুবুর রহমানকে প্রথমে জেরা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদের আইনজীবী হামদুর রহমান মাহমুদ। ২০০৯ সালের ১৩ ও ১৪ জুন শাহাবুদ্দিনের জবানবন্দি নথিভুক্ত করেছিলেন মাহাবুবুর রহমান। আইনজীবীর প্রশ্ন: ‘আসামিকে কোথা থেকে আপনার কাছে আনা হয়েছিল, তা জানতে চেয়েছিলেন?’ মাহাবুবুর রহমান: ‘জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, তাঁকে ঢাকা থেকে আনা হয়েছে। তবে ঢাকার কোথায় থেকে তা বলেননি।’ আইনজীবী: ‘আসামিকে চট্টগ্রাম নগরের দামপাড়া সিআইডি কার্যালয় থেকে আনা হয়েছিল।’ মাহাবুবুর রহমান: ‘আমার জানা নেই।’ আইনজীবী: ‘জবানবন্দির প্রথম পাতায় উল্লেখ আছে, অফিস সময়ের পর জবানবন্দিটি নথিভুক্ত করা হয়।’মাহাবুবুর রহমান: ‘সত্য। বিকেল চারটা থেকে রাত দেড়টা পর্যন্ত জবানবন্দি নথিভুক্ত করা হয়।’ মধ্যাহ্নবিরতির পর একই সাক্ষীকে জেরা করেন আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান। জেরার জবাবে মাহাবুবুর রহমান বলেন, ‘২০১০ সালের ৬ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে রাত পৌনে একটা পর্যন্ত আসামির জবানবন্দি নথিভুক্ত করি। ২০০৫ সালে এই মামলার বিচারকাজ শুরু হয়েছিল। বিচারকাজ শুরু হওয়ার সাড়ে পাঁচ বছর পর আসামির জবানবন্দি নিই।’আইনজীবী: ‘জবানবন্দির ৭, ১০ ও ১৩ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, যন্ত্রপাতির বিষয়ে আসামি জবানবন্দি দিয়েছেন।’মাহাবুবুর রহমান: ‘যন্ত্রপাতির বিষয়টি উল্লেখ আছে।’আইনজীবী: ‘জবানবন্দিতে আসামি এ ঘটনায় নিজেকে জড়িত করেননি।’মাহাবুবুর রহমান: ‘এ বিষয়ে আমি বলতে পারব না।’ আইনজীবী: ‘চাপে পড়ে আপনি অফিস সময়ের পরে দীর্ঘ সময় কাজ করেছেন।’ মাহাবুবুর রহমান: ‘সত্য নয়।’এরপর সাক্ষীকে জেরা করেন এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের আইনজীবী সাহাবউদ্দিন। ২০০৯ সালের ২ মে আকবর হোসেনের জবানবন্দি নথিভুক্ত করেছিলেন মাহাবুবুর রহমান।জেরা অসমাপ্ত রেখে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান মামলার কার্যক্রম আজ (মঙ্গলবার) পর্যন্ত মুলতবি করেন। এর আগের দিন রোববার আদালতে সাক্ষ্য দেন মাহবুবুর রহমান। তিনি চট্টগ্রাম মহানগর হাকিম হিসেবে দায়িত্ব পালনকালে উল্লিখিত তিন আসামি ও নয়জন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করেন। বর্তমানে তিনি রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।