১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী চট্টগ্রামের সাবেক মহানগর হাকিম মাহাবুবুর রহমানকে জেরা করা নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা গতকাল দুই দফায় প্রায় পৌনে এক ঘণ্টা বিতর্কে জড়িয়েছেন। এই মামলায় সাক্ষীদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির বিষয়বস্তু সম্পর্কে জবানবন্দি গ্রহণকারী হাকিমকে জেরা করা যায় কি না, তা নিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ বিতর্ক চলে। এ ছাড়া মাহবুবুর রহমানকে গতকাল দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের তিন আইনজীবী।জেরায় আসামি মতিউর রহমান নিজামীর আইনজীবী মনজুর আনসারী সাবেক শিল্পসচিব শোয়েব আহমদের সাক্ষ্যের একাংশ উদ্ধৃত করে তাঁর ১৬৪ ধারার জবানবন্দিতে তা উল্লেখ আছে কি না, তা মাহাবুবুর রহমানের কাছে জানতে চান। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘সাক্ষীর জবানবন্দিতে দেওয়া বক্তব্যের বিষয়ে জবানবন্দি গ্রহণকারী হাকিমকে প্রশ্ন করার বিধান নেই।’ পিপি এই বিষয়ে আদালতে উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের মতামত জানতে চান। এ সময় আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান সাক্ষ্য আইন উল্লেখ করে বলেন, হাকিমের কাছে কোনো সাক্ষীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি এবং আদালতে দেওয়া সাক্ষ্যের বক্তব্যে কোনো ধরনের বৈপরীত্য আছে কি না, তা ওই সাক্ষীর কাছ থেকে যাচাই করার বিধান আছে। আসামিপক্ষের আরেক আইনজীবী আবদুস সোবহান তরফদার বলেন, সাক্ষীর ১৬৪ ধারায় ও আদালতে দেওয়া বক্তব্যের মধ্য থেকে বৈপরীত্য নিতে হলে সে বিষয়টি জবানবন্দি গ্রহণকারী হাকিমের নজরে আনতে হয়। আসামিপক্ষের আইনজীবীর এই বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিচারক এস এম মজিবুর রহমান।